Sunday, 24 March 2013

কেন?

জীবনে অনেকবার আসে আমরা নিজের কাছেই প্রশ্ন রাখি, 'আমার জীবনের উপর কি আমার কোনো নিয়ন্ত্রণ নেই? আমার কোনো একান্ত কোণ কি থাকতে পারেনা? যা শুধুই আমার; যেখানে আমি নগ্ন হতে পারি, আমাকে আমার মুখোমুখি বসাতে পারি কোন আড়াল ছাড়া, আমি স্বপ্ন দেখতে পারি আমার মত করে, যন্ত্রণা পেতে পারি, ভালোবাসতে পারি, সঠিক অর্থে যেখানে আমি ঠিক যা তাই প্রকাশ করতে পারি - কোনও মুখোশের দরকার হয়না যেখানে, নিজের বিবেক ছাড়া আর কারুর কাছে আমার কোন দায়বদ্ধতা নেই, কোন পাপ পূণ্য নেই, নেই পাশের মানুষ টি কে কষ্ট দেবার গ্লানি।'

নিজের মনের একান্ত কোণটুকু ছাড়া আর কোথাও আমি বা আমার ইচ্ছা - অনিচ্ছার কোনো জায়গা নেই... এটা ভেবে আসলে নিজেকে প্রবোধ দেই, সত্যি কি নিজের কাছেও আমার স্বাধীনতা আছে আমাকে আমার মত করে প্রকাশ করবার, এমন কি নিজের কাছেও? আমার কোন একান্তকেই একান্ত রাখার অধিকার আমার নেই... তাহলে আমি স্বার্থপর এবং অসুস্থ, অন্যদের কষ্টের কারণ... বাস্তবে আমি ভীষণ ভাবেই সামগ্রিক, "খোলা বইয়ের মত যার প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি লাইন যে কেউ পড়তে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে... আমাকে বা আমার মানসিক অবস্থান কে যে এই সিধান্ত নেবার জন্য বুঝতেই হবে তার কোন বাধ্য বাধকতা নেই, এটা তাদের অধিকার... সমাজের যে বাধা রীতি বা নিয়ম তার থেকে একচুল এদিক ওদিক হলেই আমি সন্দেহজনক, কেউ সিদ্ধান্ত করবেন আমি ভালো, কেউ বলবেন খারাপ, তাদের চিন্তা অনুসারে আমার জায়গা নির্ধারিত হবে... এখানে আমার মতামত কোন মুল্যই রাখেনা, কোন অর্থেই আমি সাধারণ একজন মানুষ হতে পারি না, যার অধিকার আছে গ্লানিহীণ ভাবে বেঁচে থাকবার।

বেঁচে থাকার যে স্বপ্ন কে আমি লালন করি তার অস্তিত্ব এখন কেবল আমার কল্পনা (fantasy) তেই, তাকে বাস্তবায়িত করবার চেষ্টা করলেই বিপদ। আমার পরম প্রিয় পাশের মানুষটির কাছেও আমি নিজেকে ব্যাক্ত করতে পারিনা; যদি আমার ভিতর টা এতটুকুও প্রকাশিত হয়, আমার 'fantasy' কে বাস্তবায়িত করার পথে আমি এক পা'ও  হাঁটি তা নাকি বিশ্বাসঘাতকতার সামিল।
বিশ্বাস আর সম্পত্তিবোধ কি এক?
নিজের প্রতিচ্ছহবি কে খোঁজা, নিজের জন্য আমার মস্তিষ্কের গ্রে- ম্যাটারের একটু খানি রেখে দেওয়া কি সত্যিই পাপ??
কেন???? 

2 comments:

  1. 'বেঁচে থাকার যে স্বপ্নকে আমি লালন করি তার অস্তিত্ব এখন কেবল আমার কল্পনা(fantasy)-তেই, তাকে বাস্তবায়িত করবার চেষ্টা করলেই বিপদ। আমার পরমপ্রিয় পাশের মানুষটির কাছেও আমি নিজেকে ব্যক্ত করতে পারি না; যদি আমার ভিতরটা এতটুকুও প্রকাশিত হয়, আমার fantasy-কে বাস্তবায়িত করার পথে আমি এক পা-ও হাঁটি তা নাকি বিশ্বাসঘাতকতার সামিল।
    বিশ্বাস আর সম্পত্তিবোধ কি এক?
    নিজের প্রতিচ্ছবিকে খোঁজা, নিজের জন্য আমার মস্তিষ্কের গ্রে- ম্যাটারের একটুখানি রেখে দেওয়া কি সত্যিই পাপ??
    কেন????'

    এই প্রশ্ন আমারও। এরকমই ভাবি আমি, এভাবেই। এভাবেই ভাবনার কেন্দ্রে তবুও আমাদের ঐক্য হয়। হতে পারে। নিজের এ জায়গাটুকুও কি অব্যক্ত থাকবে না?

    ReplyDelete
  2. এ ভাবনা, বলা ভালো এ অনুভুতি, আসলে তোমার বা আমার নয়, আমাদের; এই প্রশ্নগুলোই আসলে আমাদের ভালো থাকতে দেয় না, কিন্তু আমরা নিরুপায়, এই ভালো না থাকাটাই অভ্যাস করে নিতে চাই...। আর হাসি মুখে বলি "আমি খুব ভালো আছি"।

    ReplyDelete